মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ মে ২০২৫
বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট (৯৪) ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৫ সালের শেষ নাগাদ সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে তিনি বোর্ডকে গ্রেগ অ্যাবেলকে সিইও পদে নিয়োগ দেওয়ার সুপারিশ করবেন।
ওমাহায় আয়োজিত বার্ষিক শেয়ারহোল্ডার সভায় এ ঘোষণা দেন বাফেট। সভায় তিনি দুইবার দাঁড়িয়ে অভিবাদন লাভ করেন। দীর্ঘ ৫৫ বছরের শাসনকাল শেষে বাফেটের এই সিদ্ধান্তে কোম্পানির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল।
৬২ বছর বয়সী গ্রেগ অ্যাবেল বর্তমানে কোম্পানির নন-ইনস্যুরেন্স ব্যবসাগুলোর দায়িত্বে রয়েছেন। ২০০০ সালে বার্কশায়ার হ্যাথাওয়ে মিডআমেরিকান এনার্জি কিনে নেওয়ার পর থেকেই তিনি কোম্পানির সঙ্গে যুক্ত। ২০১৮ সালে তাকে ভাইস চেয়ারম্যান এবং বোর্ড সদস্য করা হয়।
বাফেট ২০২১ সালেই জানিয়েছিলেন, তার অবর্তমানে অ্যাবেলই দায়িত্ব নেবেন। এবার সেটিই বাস্তব রূপ নিতে যাচ্ছে। তবে বাফেট পরামর্শকের ভূমিকায় কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।
বিল গেটস, টিম কুকসহ বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী বাফেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং অ্যাবেলের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাফেটের নেতৃত্বেই ক্ষয়িষ্ণু একটি টেক্সটাইল কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে এখন বিশ্বের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট, যার বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
0 Comments